জাতীয়
ছবি: সংগৃহীত

ঈদের দিনে যমুনায় শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিজেস্ব প্রতিবেদক:

পবিত্র ঈদুল ফিতরের দিন নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই আয়োজন অনুষ্ঠিত হবে।

বুধবার (১৮ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে জানান, ঈদের দিন সকাল ১০টায় এ কর্মসূচি শুরু হবে। এর আগে সকালে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী।

নামাজ শেষে যমুনায় পৌঁছে প্রথমে বিদেশি কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। এরপর ধারাবাহিকভাবে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, আলেম-ওলামা, সংস্কৃতিজনসহ বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আয়োজনের মাধ্যমে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ ও মতবিনিময়ের সুযোগ তৈরি হবে।

এদিকে, যমুনার আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের নিয়ে জিয়া উদ্যান-এ যাবেন। সেখানে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর কবর জিয়ারত করবেন।

মতামত দিন