স্কুলে ভর্তি পদ্ধতিতে বড় পরিবর্তন, লটারি বাতিলের সিদ্ধান্ত।
সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির পদ্ধতিতে বড় পরিবর্তন আনছে সরকার। প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত এতদিন চালু থাকা লটারিভিত্তিক ভর্তি ব্যবস্থা তুলে দেওয়া হচ্ছে।
সোমবার (১৬ মার্চ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, নতুন এই সিদ্ধান্ত ২০২৭ শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আদেশেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নতুন ব্যবস্থায় শিক্ষার্থী ভর্তি হবে পরীক্ষার মাধ্যমে। তবে এই পরীক্ষা কঠিন বা প্রতিযোগিতামূলক হবে না বলে আশ্বস্ত করেছেন মন্ত্রী। তার ভাষায়, এটি হবে খুবই সহজ ও সাধারণ মানের পরীক্ষা, যেখানে শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ তৈরি হবে না।
ভর্তি পরীক্ষা চালুর ফলে কোচিং নির্ভরতা বাড়তে পারে—এমন আশঙ্কার বিষয়ে মন্ত্রী বলেন, পুরো প্রক্রিয়া এমনভাবে সাজানো হবে যাতে কোচিংয়ের প্রয়োজন না পড়ে। স্বচ্ছতা বজায় রেখে সহজ পদ্ধতিতে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।
এর আগে জাতীয় সংসদে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়। সেখানে লটারিভিত্তিক ভর্তি পদ্ধতির সমালোচনা উঠে আসে। বিশেষ করে, এই পদ্ধতি শিক্ষার্থীদের মেধা বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং বিভিন্ন শিক্ষা ধারার মধ্যে বৈষম্য বাড়াতে পারে—এমন মতামত দেন সংসদ সদস্যরা।
এসব বিবেচনায় নিয়েই সরকার লটারি পদ্ধতি বাতিল করে পরীক্ষাভিত্তিক ভর্তি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে।
মতামত দিন