দেশের আট বিভাগেই ঝড়-বৃষ্টির আভাস, কোথাও হতে পারে শিলাবৃষ্টি।
দেশজুড়ে আগামী কয়েকদিন ঝোড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে আটটি বিভাগের বিভিন্ন এলাকায় এই বৈরী আবহাওয়া দেখা যেতে পারে।
আবহাওয়া অফিস জানায়, বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। পাশাপাশি মৌসুমি লঘুচাপ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এসব কারণে বায়ুমণ্ডলে অস্থিরতা তৈরি হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত দেশের ৬১টি পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে ১৮টিতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৪৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে শ্রীমঙ্গলে। এছাড়া নেত্রকোনা, দিনাজপুর ও ময়মনসিংহেও উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কয়েকটি জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এ সময়ে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বুধবার থেকে শুক্রবার পর্যন্ত একই ধরনের আবহাওয়া পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। মাঝেমধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনাও থাকবে। এ সময় তাপমাত্রায় সামান্য ওঠানামা হতে পারে—কখনও বাড়বে, আবার শেষ দিকে কিছুটা কমতে পারে।
মতামত দিন