অপরাধ
ছবি: সংগৃহীত

আইজিপি মো. আলী হোসেন ফকিরের বাড়িতে চুরি।

নিজেস্ব প্রতিবেদক:

বাগেরহাট শহরে অবস্থিত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাড়ি লক্ষ্য করে চুরি হয়েছে। সোমবার গভীর রাতে শহরের আমলাপাড়া এলাকায় তার তিনতলা বাসা থেকে দুর্বৃত্তরা বিদ্যুতের সার্ভিস তার কেটে নিয়ে যায়।

পরিবারের বরাত দিয়ে জানা গেছে, রাতে ঝড়ো বৃষ্টির কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। এ সুযোগ কাজে লাগিয়ে চোরেরা বাড়ির চারপাশে থাকা সিসিটিভি ক্যামেরার নজর এড়িয়ে মেইন লাইন থেকে মিটার পর্যন্ত প্রায় দুই কয়েল তামার তার কেটে নিয়ে যায়। এর আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা।

স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। বাগেরহাট শহরের এক ভাঙারি দোকানিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চুরি হওয়া মালামাল উদ্ধারের জন্য একাধিক টিম কাজ করছে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

পুলিশ সুপার মো. হাসান চৌধুরী বলেন, “এ ধরনের ঘটনা দুঃখজনক। আমরা চোরদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য সব রকম ব্যবস্থা নিচ্ছি।”

এ ঘটনায় এলাকার বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

মতামত দিন