অর্থনীতি
ছবি: সংগৃহীত

হরমুজ ইস্যুতে তেলের বাজারে চাপ, দাম বাড়ল ৩ শতাংশের বেশি।

নিজেস্ব প্রতিবেদক:

বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিতে ইরানের অবরোধ ঘিরে আন্তর্জাতিক বাজারে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দামে, যা একদিনেই ৩ শতাংশের বেশি বেড়েছে।

বিশ্লেষকদের মতে, এই অবরোধ দীর্ঘায়িত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে। কারণ বিশ্বে প্রতিদিন পরিবাহিত তেল ও তরল গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়েই যায়।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের প্রধান দুই সূচক—ব্রেন্ট ক্রুড ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)—উভয়ের দামই ঊর্ধ্বমুখী হয়েছে।

মঙ্গলবারের বাজারদরে ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেল বিক্রি হয়েছে ১০৩ দশমিক ২৮ ডলারে, যা আগের দিনের তুলনায় ৩ দশমিক ১ শতাংশ বেশি। অন্যদিকে ডব্লিউটিআইয়ের দাম দাঁড়িয়েছে ৯৬ দশমিক ৮৫ ডলার, যা বেড়েছে ৩ দশমিক ৬ শতাংশ।

বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালি আরব সাগর ও পারস্য উপসাগরকে সংযুক্ত করে, ফলে এই রুটে যেকোনো ধরনের বাধা সরাসরি বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব ফেলে। এ কারণেই এটিকে ‘বিশ্ব জ্বালানির প্রবেশদ্বার’ হিসেবেও উল্লেখ করা হয়।

মতামত দিন