অপরাধ
ছবি: সংগৃহীত

জিহাদ হত্যা মামলার প্রধান আসামি নিহতের স্ত্রী ‘টিকটকার’ আঁখি গ্রেপ্তার।

নিজেস্ব প্রতিবেদক:

কক্সবাজারের রামু উপজেলার চাঞ্চল্যকর বেলাল উদ্দিন জিহাদ হত্যা মামলার প্রধান আসামি ও নিহতের স্ত্রী, সামাজিক যোগাযোগমাধ্যম ‘টিকটক’-এ পরিচিত তাহেরা বেগম আঁখি গ্রেপ্তার হয়েছেন।

র‍্যাব-১৫ সূত্রে জানা গেছে, সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় উখিয়া উপজেলার কোটবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক আ ম ফারুক জানান, গত ৪ মার্চ রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া এলাকার একটি ভাড়া বাসা থেকে বেলাল উদ্দিন জিহাদের গলাকাটা ও অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছিল।

ঘটনার পর থেকেই আঁখি আত্মগোপনে চলে যান। রামু থানায় নিহতের পরিবার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করলে র‍্যাব-১৫ ছায়াতদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সোমবার রাতে উখিয়ার কোটবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, হত্যাকাণ্ডটি পারিবারিক কলহের জের ধরে সংঘটিত হয়েছে। গ্রেপ্তারকৃত আঁখি উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের দারিয়ার দিঘি এলাকার মো. মুসার মেয়ে।

র‍্যাব সূত্রে আরও জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

মতামত দিন