আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইসরায়েল ও উপসাগরীয় মার্কিন ঘাঁটিতে নতুন দফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা।

নিজেস্ব প্রতিবেদক:

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তারা ‘অপারেশন ট্রু প্রমিজ-৪’-এর নতুন ধাপে ইসরায়েল ও পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা কয়েকটি মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

সোমবার (১৬ মার্চ) প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি দাবি করে, অভিযানের ৫৫তম ধাপে তেল আবিব, বেন গুরিয়ন বিমানবন্দর এবং ইসরায়েলের আরও কয়েকটি সামরিক ও কৌশলগত স্থাপনাকে নিশানা করা হয়েছে।

একইসঙ্গে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোর বিরুদ্ধেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহারের কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, এ হামলায় ফাত্তাহ, কদর ও এমাদ ধরনের ক্ষেপণাস্ত্রের পাশাপাশি বিপুলসংখ্যক ড্রোন ব্যবহার করা হয়েছে। আইআরজিসির ভাষ্য অনুযায়ী, এসব হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের সামরিক অবকাঠামো, বিমান চলাচল-সহায়ক স্থাপনা এবং আঞ্চলিক মার্কিন সামরিক অবস্থান।

ইরানি বাহিনী আরও দাবি করেছে, আল ধাফরা বিমান ঘাঁটি, জুফায়ার নৌঘাঁটি ও শেখ ইসা বিমান ঘাঁটির দিকেও হামলা চালানো হয়েছে। এসব অভিযানে মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র এবং উন্নত আক্রমণাত্মক ড্রোন ব্যবহারের কথাও উল্লেখ করা হয়েছে।

আইআরজিসি বলছে, ইরানের ভূখণ্ডে সাম্প্রতিক মার্কিন-ইসরায়েলি হামলা, সামরিক কমান্ডার ও বেসামরিক নাগরিক নিহত হওয়া এবং অবকাঠামোগত ক্ষয়ক্ষতির জবাব হিসেবেই এই পাল্টা অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র: সিজিটিএন, তাসনিম নিউজ।

মতামত দিন