জাতীয়
ছবি: সংগৃহীত

র‍্যাব বিলুপ্তির আহ্বানে প্রধানমন্ত্রীর কাছে ৯ আন্তর্জাতিক সংস্থার চিঠি।

নিজেস্ব প্রতিবেদক:

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বাতিলের দাবি তুলে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে চিঠি পাঠিয়েছে ৯টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। একইসঙ্গে আইনমন্ত্রী আসাদুজ্জামান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কাছেও পাঠানো হয়েছে একই বার্তা।

সোমবার (১৬ মার্চ) পাঠানো ওই চিঠিতে হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ফর্টিফাই রাইটস, আর্টিকেল ১৯, সিভিকাসসহ মোট ৯টি সংগঠন সই করে। সংগঠনগুলোর ভাষ্য, বাংলাদেশের বর্তমান সরকারের সামনে নানা ধরনের নীতি ও প্রশাসনিক চ্যালেঞ্জ থাকলেও এটিই মানবাধিকারভিত্তিক দীর্ঘমেয়াদি সংস্কার শুরু করার উপযুক্ত সময়।

চিঠিতে বলা হয়েছে, শেখ হাসিনা আমলে গুম, বিচারবহির্ভূত হত্যা এবং গুরুতর অধিকার লঙ্ঘনের অসংখ্য অভিযোগ জমা হয়েছে, যার সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংশ্লিষ্টতার অভিযোগও দীর্ঘদিনের। যদিও সরকার পরিবর্তনের পর এমন ঘটনার মাত্রা কিছুটা কমেছে বলে মানবাধিকার সংগঠনগুলোর পর্যবেক্ষণ, তবু রাজনৈতিক বিরোধীদের ইচ্ছামতো আটক, সংবাদমাধ্যমের ওপর চাপ এবং ধর্মীয় সংখ্যালঘু ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার মতো উদ্বেগ পুরোপুরি দূর হয়নি বলেও তারা উল্লেখ করেছে।

আন্তর্জাতিক সংগঠনগুলো মনে করছে, শুধু র‍্যাব নিয়ে সিদ্ধান্ত নিলেই হবে না; সামগ্রিক নিরাপত্তা ও বিচারব্যবস্থায় জবাবদিহিমূলক সংস্কারও দরকার। সে কারণে তারা একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশন গঠনের তাগিদ দিয়েছে। পাশাপাশি বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর অধিকার ও সুরক্ষা নিশ্চিতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বানও জানানো হয়েছে।

চিঠিতে মানবাধিকার সুরক্ষায় কয়েকটি আইনগত ও নীতিগত পদক্ষেপের সুপারিশও তুলে ধরা হয়। সংগঠনগুলোর মতে, রাজনৈতিক পালাবদলের এই সময়টিকে কাজে লাগিয়ে টেকসই সংস্কার না আনা গেলে পুরোনো সমস্যা নতুন রূপে ফিরে আসতে পারে।

মতামত দিন