জানা গেল সৌদি আরবের সম্ভাব্য ঈদের তারিখ।
পবিত্র রমজান মাসের সমাপ্তি এবং ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখতে দেশটির মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। সোমবার (১৬ মার্চ) প্রকাশিত এক সরকারি বিবৃতিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়েছে, উম্মুল কুরা ক্যালেন্ডার অনুযায়ী বুধবার ১৪৪৭ হিজরি সালের রমজানের ২৯তম দিন। সেদিন সূর্যাস্তের পর চাঁদ দেখা গেলে পরদিন ঈদুল ফিতর উদযাপিত হবে। আর চাঁদ দেখা না গেলে রমজান ৩০ দিনে পূর্ণ হবে।
সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, কেউ খালি চোখে বা দূরবীন দিয়ে চাঁদ দেখতে পেলে নিকটস্থ আদালতে গিয়ে সাক্ষ্য নথিভুক্ত করতে হবে। প্রয়োজন হলে স্থানীয় প্রশাসনিক কেন্দ্রের সহায়তায় বিচার বিভাগীয় কর্তৃপক্ষের কাছেও তথ্য পৌঁছে দেওয়া যাবে।
এ ছাড়া, যাদের চাঁদ দেখার সক্ষমতা রয়েছে, তাদের নিজ নিজ এলাকার চাঁদ দেখা–সংক্রান্ত কমিটির সঙ্গে যুক্ত হয়ে এ কাজে অংশ নেওয়ারও আহ্বান জানানো হয়েছে। বুধবার সূর্যাস্তের সময় সৌদি আরবের বিভিন্ন অঞ্চলের উঁচু স্থানে সংশ্লিষ্ট কমিটিগুলো অবস্থান নেবে বলে জানা গেছে। সব সাক্ষ্য যাচাই–বাছাই শেষে ঈদ শুরুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে সৌদি সুপ্রিম কোর্ট।
সূত্র: গালফ নিউজ।
মতামত দিন