আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে গুজব ও ভুয়া ভিডিও ছড়ানোর অভিযোগে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার।

নিজেস্ব প্রতিবেদক:

সংযুক্ত আরব আমিরাত পুলিশ ইরান যুদ্ধকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ভুয়া ভিডিও ছড়ানোর অভিযোগে ৩৫ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারদের মধ্যে একজন বাংলাদেশি এবং বাকি ভারত, পাকিস্তান ও নেপালের নাগরিক।

রাজধানী আবুধাবি এবং দেশটির বিভিন্ন অঞ্চল থেকে তাদের আটক করা হয়েছে।

অ্যাটর্নি জেনারেল ড. হামাদ সাইফ আল শামসের দপ্তর জানায়, গত কয়েকদিন ধরে ডিজিটাল প্ল্যাটফর্মে কঠোর নজরদারি চালানো হয়েছে। এই পর্যবেক্ষণের মাধ্যমে তারা দেখেছে যে, আটক ব্যক্তিরা এআই ব্যবহার করে তৈরি করা ভুয়া ভিডিও ও তথ্য প্রচার করছিল, যা জনমনে বিভ্রান্তি তৈরি এবং দেশের স্থিতিশীলতা নষ্ট করার উদ্দেশ্যে করা হয়েছিল। আমিরাত সরকার এই কর্মকাণ্ডকে জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে বিবেচনা করছে।

সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী, গুজব বা ভুয়া তথ্য ছড়ানো গুরুতর অপরাধ। আইন অনুসারে, এই অপরাধ প্রমাণিত হলে অভিযুক্তকে কমপক্ষে এক বছরের কারাদণ্ড এবং এক লাখ আমিরাতি দিরহাম জরিমানা হতে পারে।

বর্তমানে গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং সরকারের নির্ভরযোগ্য সংবাদমাধ্যম ওয়াম নিউজ এ তথ্য নিশ্চিত করেছে। পুলিশ জানিয়েছে, এই অভিযান ডিজিটাল নিরাপত্তা ও জনমনের স্থিতিশীলতা রক্ষার অংশ হিসেবে নেওয়া হয়েছে।

মতামত দিন