ঈদুল ফিতরের ছুটিতেও সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ঈদুল ফিতরের ছুটির সময়ও সীমিত পরিসরে ব্যাংকের কার্যক্রম চালু থাকবে, তবে ঈদের দিনে সব শাখা বন্ধ থাকবে। সোমবার (১৬ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিকস ডিপার্টমেন্ট (এসডিএডি) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।
নির্দেশনায় বলা হয়েছে, আমদানি ও রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সচল রাখতে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত (সরকারি ও সাপ্তাহিক ছুটি সহ) সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা, উপশাখা ও বুথ সীমিত পরিসরে খোলা থাকবে।
শিল্প এলাকায় বিশেষ শাখাগুলো ১৮ ও ১৯ মার্চ সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে। এ সময় জোহরের নামাজের জন্য দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট বিরতি থাকবে, তবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত গ্রাহকদের সঙ্গে লেনদেন চলবে।
সাভার, গাজীপুর, টঙ্গী, আশুলিয়া, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাক শিল্পঘন এলাকা এই সুবিধার আওতায় থাকবে। ১৭ মার্চ এবং ২০ থেকে ২৩ মার্চ গ্রাহকের লেনদেনের সময় ব্যাংকগুলো নিজস্বভাবে নির্ধারণ করবে।
এছাড়া, ২১ মার্চ (শনিবার) ঈদুল ফিতরের দিন সব ব্যাংক বন্ধ থাকবে।
মতামত দিন