জাতীয়
ছবি: সংগৃহীত

দিনাজপুরে নিজে কোদাল হাতে নদী-নালা-খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

দেশব্যাপী নদী, নালা, খাল ও জলাধার পুনঃখনন ও খনন কার্যক্রম শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৬ মার্চ) দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর এলাকার সাহাপাড়া খালে নিজে কোদাল হাতে খনন শুরু করে আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয়রা প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত থেকে আনন্দ প্রকাশ করেন এবং আশা জানান, এই উদ্যোগ এলাকার পানির সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, পরবর্তী পাঁচ বছরে দেশের প্রায় ২০ হাজার কিলোমিটার নদী, খাল ও জলাধার খনন ও পুনঃখনন করা হবে। প্রথম পর্যায়ে ৫৪টি জেলায় কার্যক্রম শুরু হচ্ছে।

প্রধানমন্ত্রী সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকার বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ ফ্লাইটে সৈয়দপুর পৌঁছে, সেখান থেকে সড়ক পথে খনন কার্যক্রমের স্থলে যান।

এর আগে, ১৯৭৭ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান গ্রামীণ উন্নয়ন ও কৃষি পুনরুজ্জীবনের উদ্দেশ্যে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। তখন দেশের ৩ হাজার ৬৩৬ মাইল খাল খনন করা হয় এবং স্থানীয়দের কাজে যুক্ত করতে ‘কাজের বিনিময়ে খাদ্য’ কর্মসূচিও চালু করা হয়েছিল।

মতামত দিন