মোংলা বন্দরে পৌঁছেছে ভারত থেকে আমদানিকৃত ১৬ হাজার টন চাল।
দেশের বাজারে চালের সরবরাহ নিশ্চিত করা এবং মূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য ভারত থেকে আমদানিকৃত ১৬ হাজার মেট্রিক টন চাল মোংলা বন্দরে পৌঁছেছে। রোববার (১৫ মার্চ) সকালে জাহাজ দুটি থেকে চাল খালাসের কাজ শুরু হয়েছে।
মোংলা বন্দরের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক দরপত্রের আওতায় আসা এই চালের মধ্যে পানামা পতাকাবাহী ‘এইচ টি পাইনিওর’ জাহাজে ১১ হাজার টন এবং ভিয়েতনামের পতাকাবাহী ‘হোয়াংটন-৮৯’ জাহাজে ৫ হাজার টন চাল এসেছে। উভয় জাহাজ কলকাতা বন্দর থেকে মোংলায় নোঙর করেছে।
স্থানীয় শিপিং এজেন্ট সেভেন সিয়েস-এর ব্যবস্থাপক আবুল হাসেম শামিম জানান, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর সকাল থেকেই চাল খালাস শুরু হয়েছে। লাইটারেজ জাহাজের মাধ্যমে এই চাল দ্রুত দেশের বিভিন্ন সরকারি খাদ্যগুদামে পৌঁছে দেওয়া হচ্ছে। আশা করা হচ্ছে, ৪–৫ দিনের মধ্যে সম্পূর্ণ খালাস প্রক্রিয়া শেষ হবে।
মোংলা সহকারী খাদ্য নিয়ন্ত্রক আব্দুস সোবাহান সরদার জানান, সরকার জিটুজি (সরকার-টু-সরকার) চুক্তির আওতায় ভারত, পাকিস্তান ও মিয়ানমার থেকে মোট ৮ লাখ টন সিদ্ধ ও আতপ চাল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। মোংলায় আসা এটি নবম চালান।
তিনি আরও উল্লেখ করেন, বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সরকারি ও বেসরকারি পর্যায়ে প্রচুর পরিমাণে চাল আমদানির কার্যক্রম চলমান। শুল্কমুক্ত সুবিধায় আসা এসব নন-বাসমতি চাল দেশের বাজারে সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ভারতের পেট্রাপোল ও হিলি স্থলবন্দর ব্যবহার করে নিয়মিত চাল দেশে আসছে এবং দ্রুত সারাদেশে বিতরণ করা হচ্ছে।
মতামত দিন