জাতীয়
ছবি: সংগৃহীত

মাহে রমজান ঘিরে শুভেচ্ছা বার্তা, আত্মশুদ্ধি ও সংযমের আহ্বান প্রধান উপদেষ্টার।

নিজেস্ব প্রতিবেদক:

আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসী ও বিশ্বের মুসলিম উম্মাহর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, রমজান আত্মসংযম, ত্যাগ ও আত্মশুদ্ধির এক মহিমান্বিত সময়। এই মাসে সিয়াম সাধনা, দান-সদকা ও ইবাদতের মধ্য দিয়ে মানুষ নিজের নৈতিক উন্নয়ন ঘটানোর পাশাপাশি পারস্পরিক সহমর্মিতা ও সম্প্রীতি জোরদার করার সুযোগ পায়। একই সঙ্গে মহান আল্লাহর সন্তুষ্টি, ক্ষমা ও নৈকট্য অর্জনের পথও উন্মুক্ত হয়।

তিনি আরও উল্লেখ করেন, রমজানের শিক্ষা ব্যক্তি ও সমাজজীবনে অন্যায়, দুর্নীতি ও অবিচার পরিহার করে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে উদ্বুদ্ধ করে। এ মাস মানুষের মধ্যে সততা, ন্যায়পরায়ণতা ও মানবিক মূল্যবোধ চর্চার গুরুত্ব বাড়ায় এবং দরিদ্র ও বঞ্চিত মানুষের প্রতি দায়িত্ববোধ জাগিয়ে তোলে।

বার্তার শেষাংশে তিনি সবাইকে ভোগ-বিলাস ও হিংসা-বিদ্বেষ থেকে দূরে থেকে বেশি বেশি ইবাদত, কোরআন তেলাওয়াত, দোয়া ও সৎকর্মে মনোযোগী হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি কামনা করেন, আল্লাহ যেন সবার রোজা, নামাজ ও নেক আমল কবুল করেন এবং দেশ ও জাতিকে শান্তি ও সমৃদ্ধি দান করেন।

মতামত দিন