শপথ অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন করতে বৈঠক করেছে সংসদ সচিবালয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত এমপিদের শপথগ্রহণ অনুষ্ঠান সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য সব প্রস্তুতি শুরু করেছে সংসদ সচিবালয়। শুক্রবার সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা দিনভর বৈঠক করেন এবং অনুষ্ঠানের প্রোটোকল, নিরাপত্তা ও প্রয়োজনীয় সেবাসংক্রান্ত বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে চূড়ান্ত পরিকল্পনা গ্রহণ করেন।
এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, নির্বাচিত সংসদ-সদস্যদের নির্বাচিত হওয়ার গেজেট প্রকাশ এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী শপথ অনুষ্ঠানের চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হবে। সংবিধানের ১৪৮(২) ও ১৪৮(২ক) অনুচ্ছেদ মেনে সব প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, যাতে কোনো ধরনের সাংবিধানিক জটিলতা ছাড়াই নতুন সংসদ যাত্রা শুরু করতে পারে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, নবনির্বাচিত সংসদ-সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সম্ভাব্য শপথ গ্রহণের দিন হবে আগামী সোমবার।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি আসনে একটানা ভোটগ্রহণ চলে। এর মধ্যে ২৯৭টি আসনের ফল পাওয়া যায়। ২০৯ আসনে জয়ী হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ৬৮টি আসনে জয়ী হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি, স্বতন্ত্র প্রার্থীরা ৭টি এবং অন্যান্য প্রার্থীরা ৭টি আসনে জয়ী হয়েছেন।
মতামত দিন