ভুয়া প্রশিক্ষণ সনদ বন্ধে কঠোর নির্দেশ প্রধান উপদেষ্টার।
আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের কর্মীদের সুনাম ধরে রাখতে প্রশিক্ষণ সনদ জালিয়াতি ও ভুয়া সনদের ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) গভর্নিং বডির সভায় তিনি এ নির্দেশনা দেন।
সভায় তিনি বলেন, বৈশ্বিক শ্রমবাজারে বাংলাদেশের জনশক্তির চাহিদা উল্লেখযোগ্য হলেও প্রশিক্ষণ সনদ নিয়ে জালিয়াতি ও প্রতারণার ঘটনা দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করছে। এতে বিদেশি নিয়োগদাতাদের আস্থাও নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে।
তিনি সতর্ক করে বলেন, নিয়োগদাতারা আস্থা হারালে দক্ষতা উন্নয়ন কার্যক্রমের সুফল পাওয়া কঠিন হয়ে পড়বে। তাই এসব অনিয়ম বন্ধে কঠোর নজরদারি ও কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি বেসরকারি প্রশিক্ষণ উদ্যোক্তাদের কার্যক্রম আরও স্বচ্ছ ও ফলপ্রসূ করতে সমন্বিত উদ্যোগ নেওয়ার কথাও তুলে ধরেন।
সভায় নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, শিল্প, গৃহায়ন ও স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খানসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতামত দিন