স্মারক স্বর্ণ-রৌপ্য মুদ্রার দাম বাড়াল বাংলাদেশ ব্যাংক।
দেশের বাজারে স্মারক স্বর্ণ ও রৌপ্য মুদ্রার নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্যবৃদ্ধির প্রভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
রোববার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই দাম আজ থেকেই কার্যকর হয়েছে।
নতুন নির্ধারিত দামে প্রতিটি স্মারক স্বর্ণমুদ্রার (বাক্সসহ) মূল্য বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪০ হাজার টাকা। আগে এগুলো বিক্রি হতো ১ লাখ ৮৫ হাজার টাকায়, অর্থাৎ প্রতি মুদ্রায় ৫৫ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে।
এদিকে দেশের স্বর্ণবাজারেও দাম উচ্চ পর্যায়ে রয়েছে। বর্তমানে ২২ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকায়। ২১ ক্যারেটের ভরি ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা, ১৮ ক্যারেটের ভরি ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকায় লেনদেন হচ্ছে।
স্মারক রৌপ্য মুদ্রার ক্ষেত্রেও দাম সমন্বয় করা হয়েছে। ফাইন সিলভারের প্রতিটি স্মারক মুদ্রার মূল্য ৭ হাজার টাকা বাড়িয়ে এখন ২১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১৪ হাজার টাকা।

মতামত দিন