নির্বাচন ঘিরে মাঠে নামছে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আজ রোববার থেকে সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক মোতায়েন শুরু হচ্ছে। ভোটের আগের চারদিন, ভোটের দিন এবং পরবর্তী দুইদিন—মোট সাতদিন দায়িত্ব পালন করবে তারা।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ রোববার বিষয়টি নিশ্চিত করে জানান, সেনাবাহিনীর সদস্যরা আগে থেকেই মাঠপর্যায়ে থাকলেও এখন আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ মোতায়েন কার্যক্রম শুরু হচ্ছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং নির্বাচন আয়োজনের পরিবেশ সন্তোষজনক বলেই কমিশনের ধারণা।
নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে তিনি জানান, প্রয়োজনীয় সরঞ্জাম ইতোমধ্যে জেলাগুলোতে পাঠানো হচ্ছে এবং রিটার্নিং কর্মকর্তারা সেগুলো গ্রহণ করছেন। সংশ্লিষ্ট সব পক্ষ এখন চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে।
এদিকে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে। সেনাবাহিনী সাতদিন দায়িত্ব পালন করবে, আর আনসার সদস্যরা থাকবেন আটদিন। এ সময় প্রায় ১ হাজার ৫০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনার জন্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরাও মাঠে থাকবেন এবং ইলেক্টোরাল এনকোয়ারি অ্যান্ড এডজুডিকেশন কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে।
তিনি আরও জানান, ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে অর্থাৎ ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টার পর থেকে সব ধরনের নির্বাচনি প্রচারণা বন্ধ রাখতে হবে।
এর আগে ২২ জানুয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, এবারের নির্বাচনে প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। অতীতের তুলনায় নিরাপত্তা জোরদার করতে প্রতিটি ভোটকেন্দ্রে অন্তত পাঁচজন অস্ত্রধারী সদস্য মোতায়েন থাকবে—দুইজন পুলিশ ও তিনজন আনসার। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে এই সংখ্যা আরও বাড়ানো হবে।
এ ছাড়া প্রতিটি কেন্দ্রে লাঠিসজ্জিত ১০ জন আনসার সদস্য (ছয়জন পুরুষ ও চারজন নারী) দায়িত্বে থাকবেন। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনসিসি, গার্লস গাইড ও স্কাউট সদস্যদেরও সহযোগী হিসেবে কাজে যুক্ত করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি আশা প্রকাশ করেন, বাড়তি নিরাপত্তা ও সমন্বিত প্রস্তুতির ফলে এবারের নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ ও স্বচ্ছ পরিবেশে অনুষ্ঠিত হবে।
সূত্র: বাসস
মতামত দিন