সাইন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের উত্তেজনা।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টা ১৫ মিনিটের দিকে শহিদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগের উদ্দেশ্যে মিছিল করে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা। সাইন্সল্যাব মোড়ে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়।
এক শিক্ষার্থী মুনতাসির জানান, “আমরা হাদি ভাইয়ের হত্যার বিচারের দাবিতে মিছিল করেছি। পুলিশ আমাদের ওপর রাগ করছে বলে মনে হচ্ছে। স্যারেরা আমাদের ধরে জিজ্ঞাসাবাদ করেছেন। পুলিশ ছাত্রদের গায়ে হাত দিয়েছে। এসময় ছাত্র রূপে ছাত্রলীগ বা অন্য কোনো দলের কিছু ব্যক্তি ইট-পাটকেল নিক্ষেপ করেছে, যার কারণে পুলিশ মনে করছে আমরা হামলা করেছি।”
ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, “পরীক্ষা শেষে কলেজ বাস ছেড়ে দিয়েছিল। পুলিশ আমাদের ফোন দিয়ে জানিয়েছিল, ছাত্ররা সাইন্সল্যাব এলাকায় গেছে। এরপর তারা ধাওয়া করেছে। আমরা কিছু শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি এবং জানতে পেরেছি তারা হাদির ইস্যুতে মিছিল করছিল।”
নিউমার্কেট থানার ওসি আইয়ুব আলী জানান, “শিক্ষার্থীরা সাইন্সল্যাব এলাকায় আসলে পুলিশ বোঝানোর চেষ্টা করেছে কলেজে ফেরার জন্য। তবে শিক্ষার্থীদের সঙ্গে কিছুটা বাকবিতণ্ডা হয় এবং কয়েকজন শিক্ষার্থী পুলিশের ওপর ইট-পাটকেল ছুঁড়ে। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আমরা তদন্ত করে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করছি।”
মতামত দিন