জাতীয়
ছবি: সংগৃহীত

এইচএসসি পরীক্ষা সময়মতো হবে নাকি পেছাবে ,যা জানা গেল।

নিজেস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে থাকায় এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি নিয়ে শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, সে বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে—নির্বাচনের আগে এইচএসসি পরীক্ষার তারিখ নির্ধারণের কোনো সিদ্ধান্ত আপাতত নেই।

রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ও আন্তঃশিক্ষা বোর্ডের এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, বর্তমানে এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্রসহ অন্যান্য উপকরণ মুদ্রণের কাজ চলছে।

এ কারণে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষাসংক্রান্ত আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করার পরিকল্পনা নেই।

তিনি জানান, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা এপ্রিলের শেষ সপ্তাহে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, এইচএসসি ও সমমান পরীক্ষা জুনের শেষ দিকে আয়োজনের প্রস্তুতি থাকলেও পরীক্ষার ফরম পূরণ শুরু হতে পারে আগামী ১ মার্চ থেকে।

সাধারণত শিক্ষাবর্ষের নিয়ম অনুযায়ী ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। তবে করোনা মহামারি ও পরবর্তী পরিস্থিতির কারণে গত কয়েক বছর ধরে সেই সময়সূচি বজায় রাখা যায়নি। এ বছর জাতীয় নির্বাচন ও রমজান মাস বিবেচনায় নিয়ে এসএসসি পরীক্ষার সময় পেছানো হয়েছে।

ইতোমধ্যে এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা ও ফরম পূরণের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখন প্রশ্নপত্র প্রস্তুতসহ চূড়ান্ত আয়োজন চলছে। এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পরপরই এইচএসসি পরীক্ষার বাকি কার্যক্রম এগোনোর কথা রয়েছে।

শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা বলছেন, পরীক্ষা সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে নির্ধারিত সময় অনুযায়ীই এসএসসি ও এইচএসসি পরীক্ষা আয়োজনের লক্ষ্য রয়েছে।

মতামত দিন