ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

এনসিটি ইজারা বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু।

নিজেস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনা দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার উদ্যোগ বাতিলসহ চার দফা দাবিতে রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে বন্দর সংশ্লিষ্ট শ্রমিক-কর্মচারীরা। ‘বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’-এর ব্যানারে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

ধর্মঘটের কারণে সকাল থেকেই বন্দরের জেটি ও বহির্নোঙরে পণ্য ওঠানামাসহ সার্বিক কার্যক্রমে অচলাবস্থার আশঙ্কা তৈরি হয়েছে। এর আগে শনিবার (৭ ফেব্রুয়ারি) চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা কঠোর আন্দোলনের ঘোষণা দেন।

সংগ্রাম পরিষদের পক্ষ থেকে চারটি দাবি তুলে ধরা হয়েছে—ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে প্রস্তাবিত ইজারা চুক্তি বাতিল, বন্দর চেয়ারম্যান প্রত্যাহার, আন্দোলনে জড়িত শ্রমিকনেতাদের বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহার ও পুনর্বহাল, এবং সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারসহ হয়রানি বন্ধ করা।

সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করেন, দাবি মেনে নিতে সরকারকে সময় দেওয়া হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। অতীতে আন্দোলনের সময় বহির্নোঙরের কার্যক্রম সচল রাখা হলেও এবার কোনো ছাড় দেওয়া হবে না বলে জানান তারা। ফলে জেটি ছাড়াও নোঙরে থাকা জাহাজ থেকেও পণ্য খালাস পুরোপুরি বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

এর আগে নৌপরিবহন উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর আশ্বাস পেয়ে আন্দোলন স্থগিত করা হয়েছিল। তবে প্রতিশ্রুতির বাস্তবায়ন না হওয়ায় অল্প সময়ের মধ্যেই আবার ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পরিষদ। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কাজে ফেরার কোনো পরিকল্পনা নেই বলেও সংগঠনটির নেতারা স্পষ্ট করেছেন।

মতামত দিন