নির্বাচন ও গণভোট ঘিরে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি,দেশজুড়ে মাঠে নামছে ৩৭ হাজারের বেশি সদস্য
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নির্বাচনকালীন সময়ে ভোটকেন্দ্র ও আশপাশের এলাকা যেন শান্ত ও সুশৃঙ্খল থাকে—সে লক্ষ্যেই বাহিনীটির এই নিরাপত্তা পরিকল্পনা।
নির্বাচন চলাকালে দেশের পুরো সীমান্ত এলাকা সুরক্ষিত রাখার পাশাপাশি অভ্যন্তরীণ নিরাপত্তা দায়িত্বেও মাঠে থাকবে বিজিবি। সারাদেশে ৩৭ হাজারের বেশি সদস্য মোতায়েন করা হবে। ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টিতে বাহিনীটি নির্বাচনী দায়িত্ব পালন করবে। এর বাইরে সীমান্তঘেঁষা ৬১টি উপজেলায় এককভাবে দায়িত্ব থাকবে বিজিবির ওপর।
নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় দেশের সব সংসদীয় আসনেই বিজিবিকে মোবাইল ও স্থির—দুই ধরনের দায়িত্বে রাখা হচ্ছে। প্রতিটি উপজেলায় পরিস্থিতি অনুযায়ী দুই থেকে চার প্লাটুন করে সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্বাচনকালীন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দেখা দিলে দ্রুত ব্যবস্থা নিতে প্রস্তুত থাকবে বিজিবির বিশেষ রেসপন্স ইউনিট। র্যাপিড অ্যাকশন টিম ও কুইক রেসপন্স ফোর্সের পাশাপাশি হেলিকপ্টার ব্যবহারের ব্যবস্থাও রাখা হয়েছে। নিরাপত্তা জোরদারে নির্বাচনী এলাকায় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কে-৯ ডগ স্কোয়াড ইউনিট মোতায়েনের পরিকল্পনাও রয়েছে।

মতামত দিন