জাতীয়
ছবি: সংগৃহীত

রাঙামাটি থেকে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন গন্তব্যে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ।

নিজেস্ব প্রতিবেদক:

হঠাৎ করেই থমকে গেছে রাঙামাটি থেকে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াত করা বাস চলাচল। পরিবহন মালিকদের অভ্যন্তরীণ বিরোধের জেরে বৃহস্পতিবার সকাল থেকে এই রুটে কোনো বাস ছাড়েনি, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী থেকে শুরু করে শিক্ষার্থীরা।

পরিবহন সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাঙামাটি–ঢাকা রুটে সৌদিয়া পরিবহনের কয়েকটি বাস চলাচল শুরু করা নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তোষ ছিল রাঙামাটি বাস মালিকদের। অভিযোগ রয়েছে, নির্ধারিত টোকেন ফি পরিশোধ না করেই সৌদিয়া তাদের বাস পরিচালনা করছিল। বিষয়টি নিয়ে সমিতির পক্ষ থেকে আপত্তি জানানো হলেও তা আমলে নেওয়া হয়নি।

বুধবার পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, যখন মালিক সমিতি সৌদিয়ার কাউন্টার বন্ধ করে দেয়। পরে প্রশাসনের মধ্যস্থতায় কাউন্টার চালু হলেও ক্ষোভ প্রশমিত হয়নি। এরই ধারাবাহিকতায় কোনো ধরনের আগাম ঘোষণা ছাড়াই বৃহস্পতিবার ভোর থেকে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় রাঙামাটি–চট্টগ্রাম মোটর মালিক সমিতি।

পরিবহন বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বিপাকে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা। কেউ পর্যটন শেষে ফেরার পথ খুঁজছেন, কেউ আবার পরীক্ষা বা অফিসের কাজে সময়মতো পৌঁছাতে না পেরে চরম অনিশ্চয়তায় পড়েছেন। রাঙামাটিতে বেড়াতে আসা এক পর্যটক জানান, সকালে টার্মিনালে এসে জানতে পারেন কোনো বাস চলবে না—এখন বিকল্প উপায় খুঁজতে হচ্ছে।

এ বিষয়ে রাঙামাটি–চট্টগ্রাম মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক কাজী আনিসুর জামান সোহেল বলেন, সমিতির নিয়ম অমান্য করে বাস পরিচালনা করলে শৃঙ্খলা বজায় রাখা সম্ভব নয়। আলোচনা ছাড়া গাড়ি চালানোর প্রতিবাদেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে জেলা প্রশাসন বলছে, পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্যোগ নেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

মতামত দিন