ঢাবিতে শহীদ ওসমান হাদির স্মরণে পাঁচ দিনের স্মরণমূলক বইমেলা শুরু করতে যাচ্ছে ১৮ জানুয়ারি থেকে
সোমবার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বইমেলার আনুষ্ঠানিক ঘোষণা দেন আয়োজকরা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৮ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পায়রা চত্বরে ‘শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা-২০২৬’ অনুষ্ঠিত হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বইমেলার উদ্বোধন করবেন শহীদ ওসমান হাদির ভাই ওমর বিন হাদি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েমসহ বিভিন্ন ছাত্রনেতা ও বিশিষ্টজন।
লিখিত বক্তব্যে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাবি শাখার সভাপতি আশিক খান বলেন, শহীদ ওসমান হাদি ছিলেন অন্যায় ও দমন-পীড়নের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক। তার জীবন ও আদর্শ তরুণ সমাজের কাছে তুলে ধরতেই এই বইমেলার আয়োজন করা হয়েছে। বইয়ের মাধ্যমে প্রতিবাদ, চিন্তা ও মুক্তবুদ্ধির চর্চা ছড়িয়ে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।
তিনি আরও জানান, বইমেলায় বিভিন্ন প্রকাশনা সংস্থার বইয়ের স্টল ছাড়াও স্মরণসভা, আলোচনা সভা, সেমিনার এবং তরুণ লেখক-পাঠকদের অংশগ্রহণে বিভিন্ন আয়োজন থাকবে।
ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, শহীদ ওসমান হাদির সাংস্কৃতিক ও চিন্তাগত সংগ্রামকে এগিয়ে নেওয়ার অংশ হিসেবেই এই আয়োজন। তিনি জানান, ভবিষ্যতে নিয়মিতভাবে এই বইমেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাবি শাখার সাধারণ সম্পাদক আবিদ হাসান রাফি।

মতামত দিন