অত্যাবশ্যক ওষুধের তালিকা প্রকাশ, যুক্ত হলো আরও ১৩৬টি ওষুধ।
সরকার অত্যাবশ্যক ওষুধের হালনাগাদ তালিকা প্রকাশ করেছে। নতুন এই তালিকায় অতিরিক্ত ১৩৬টি ওষুধ অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য তুলে ধরেন।
ডা. সায়েদুর রহমান জানান, নতুন করে তালিকাভুক্ত সব ওষুধের দাম সরকার নির্ধারণ করবে। বর্তমান সরকারের মেয়াদকালেই এই মূল্যনিয়ন্ত্রণ কার্যকর করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, এখনো ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত ওষুধগুলো এই তালিকায় রাখা হয়নি। তবে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগের ওষুধ অন্তর্ভুক্ত রয়েছে। দীর্ঘদিন ধরে ওষুধের দাম নিয়ন্ত্রণে না থাকায় অনেক প্রয়োজনীয় ওষুধ সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছিল।
ব্রিফিংয়ে উপস্থিত প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এসেনশিয়াল ড্রাগের সংখ্যা বাড়ানোর বিষয়ে যে নীতিমালা তৈরি করা হয়েছে, তা ইতোমধ্যে মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে।

মতামত দিন