রাজনীতি
ছবি: সংগৃহীত

জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দীর হলফনামায় কোটি টাকার হিসাব,১বছরে উপহার পেয়েছেন ১৫ ভরি স্বর্ণ।

নিজেস্ব প্রতিবেদক:

খুলনা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দীর সম্পদ সংক্রান্ত তথ্য উঠে  এসেছে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায়। পেশায় ব্যবসায়ী এই প্রার্থীর নগদ অর্থসহ মোট সম্পদের পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়েছে।


নির্বাচন কমিশন সূত্র জানায়, কৃষ্ণ নন্দী খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার বাসিন্দা হলেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি খুলনা-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংগঠনগতভাবে তিনি জামায়াতে ইসলামীর ডুমুরিয়া উপজেলার সনাতন শাখার সভাপতির দায়িত্বে রয়েছেন।

গত ২৯ ডিসেম্বর দাখিল করা হলফনামায় কৃষ্ণ নন্দী উল্লেখ করেছেন, তার বার্ষিক আয় ৬ লাখ ৮০ হাজার টাকা। একই সঙ্গে তিনি নগদ অর্থ হিসেবে দেখিয়েছেন ১৮ কোটি ৫৩ লাখ টাকার বেশি। অস্থাবর সম্পদের মূল্য প্রায় ১৯ কোটি টাকা এবং স্থাবর সম্পদের হিসাব দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকায়।

হলফনামার তথ্যে আরও জানা যায়, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে নেওয়া ঋণের পরিমাণ প্রায় ১৮ কোটি টাকা। জমির হিসাবে তিনি দেখিয়েছেন ২ দশমিক ৪৭ একর কৃষিজমি এবং শূন্য দশমিক ৫ একর অকৃষিজমি।

ডুমুরিয়া উপজেলায় তার মালিকানায় তিনতলা বিশিষ্ট দুটি পাকা ভবনের তথ্যও উল্লেখ করা হয়েছে। তবে আয়কর নথিতে ২০২৫ সালের জন্য তার মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে প্রায় ২ কোটি ৬৯ লাখ টাকা। একই বছরে উপহার হিসেবে ১৫ ভরি স্বর্ণ পাওয়ার কথাও হলফনামায় উল্লেখ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তিনি বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করেছেন বলে জানিয়েছেন। পাশাপাশি স্ত্রী ও সন্তানদের নামে কোনো ধরনের স্থাবর বা অস্থাবর সম্পদ নেই বলেও হলফনামায় উল্লেখ করেন কৃষ্ণ নন্দী।

মতামত দিন