মানিক মিয়া অ্যাভিনিউয়ে শেষ বিদায় বেগম জিয়ার—শোক ও মানুষের ঢলে ভরে উঠেছে সংসদ এলাকা।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে বুধবার সকালে থেকেই রাজধানীর সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় মানুষের উপস্থিতি বাড়তে থাকে। নির্ধারিত সময়ের বহু আগেই সেখানে জড়ো হন হাজারো মানুষ।
রাজধানীসহ দেশের নানা জেলা থেকে আসা সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের চোখেমুখে স্পষ্ট একজন আপসহীন রাজনৈতিক নেতৃত্ব হারানোর শোক। সকাল সাড়ে ১১টার দিকে দেখা যায়, জানাজা শুরু হতে তখনও সময় বাকি থাকলেও সংসদ ভবন এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে, আর সেই ভিড় ক্রমেই ঘনীভূত হচ্ছিল।
অতিরিক্ত জনসমাগম সামাল দিতে এবং জানাজা নির্বিঘ্ন করতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশপথ খুলে দেওয়া হয়। গেট উন্মুক্ত হওয়ার পরপরই বিপুলসংখ্যক মানুষ ভেতরে প্রবেশ করেন। জানাজা আয়োজনের জন্য দক্ষিণ প্লাজার দুটি বড় মাঠ ব্যবহারযোগ্য করে প্রস্তুত করা হয়।
দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউতেই খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে গুলশানে তারেক রহমানের বাসা থেকে বেলা ১১টার দিকে জাতীয় পতাকায় আচ্ছাদিত মরদেহবাহী গাড়িটি সংসদ এলাকার উদ্দেশে যাত্রা শুরু করে।

মতামত দিন