অপরাধ
ছবি: সংগৃহীত

শিবগঞ্জে কুপিয়ে জখমের ঘটনায় দুই যুবক গ্রেফতার।

নিজেস্ব প্রতিবেদক:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবু সুফিয়ান সিজুকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় পুলিশ শনিবার (২৭ ডিসেম্বর) দুইজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন শাহ আলম ও আব্দুর রাজ্জাক।

স্থানীয়রা জানান, গত ২৪ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার উমরপুর ঘাটে দুর্বৃত্তরা সিজুকে লক্ষ্য করে হামলা চালায়। সে গুরুতর আহত হয়ে বর্তমানে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। আহতের মা সুফিয়া বেগম অভিযোগ করেন, মোস্তাক নামের এক যুবক তার ভাগ্নের নাবালিকা মেয়েকে প্রথমে ঢাকা নিয়ে যায়। মেয়ের বাবা মামলা করলে পুলিশ মোস্তাককে হাজতে নেয়। জামিনে বের হওয়ার পর আবারও তিনি মেয়েকে উত্যক্ত করতে শুরু করলে সিজু বাধা দেন। এর জের ধরে বুধবার সন্ধ্যায় আব্দুর রাজ্জাক ও তার কয়েকজন সহযোগী সিজুকে বাধা দিয়ে মারধর ও কুপিয়ে জখম করে। হামলার ফলে সিজুর বাম হাতের রক্তনালী বিচ্ছিন্ন হয়ে গেছে এবং অস্ত্রোপচারের প্রয়োজন পড়বে।

শিবগঞ্জ উপজেলা জামায়াত এই ঘটনায় নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছে। উপজেলা আমির সাদিকুল ইসলাম জানান, অভিযুক্তরা জামায়াতের অঙ্গসংগঠনের সদস্য নয়, তবে সমর্থক হতে পারে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, আহত ব্যক্তির বাবা বাদি হয়ে মামলা করেছেন। মামলার ভিত্তিতে শাহ আলম ও আব্দুর রাজ্জাককে গ্রেফতার করা হয়েছে। অন্য জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মতামত দিন