জাতীয়
ছবি: সংগৃহীত

হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম দেশ ছেড়ে পালিয়েছে: ডিএমপি।

নিজেস্ব প্রতিবেদক:

রোববার (২৮ ডিসেম্বর) সকালে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস.এন. মো. নজরুল ইসলাম জানিয়েছেন, শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম দেশ ছেড়ে পালিয়েছে। তার সঙ্গে আরও একজন সহযোগী ময়মনসিংহ হয়ে সীমান্ত পার হয়ে ভারতে গিয়েছেন।

তিনি জানান, এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ছয়জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তদন্তের তথ্য অনুযায়ী, হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত ছিল।

গত ১২ ডিসেম্বর দুপুরে পল্টন থানার বক্স কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেলযোগে হামলার শিকার হন হাদি। জুমার নামাজ শেষে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছিলেন তিনি। সেই সময়ে ফয়সাল করিম মাসুদ ও তার অজ্ঞাত পরিচয় সহযোগী চলন্ত অবস্থায় তার ওপর গুলি চালান।

গুরুতর আহত হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুর পাঠানো হয়। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে মৃত্যু হয়।

হাদির মৃত্যুর পর, ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাব পল্টন থানায় হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় অপরাধমূলক ষড়যন্ত্র, হত্যাচেষ্টা এবং বিপজ্জনক অস্ত্র ব্যবহারের অভিযোগ অন্তর্ভুক্ত করা হয়েছে।

মতামত দিন