নিজের নামে যুদ্ধজাহাজ,নতুন ভারী নৌবহর তৈরির ঘোষণা ট্রাম্পের।
মার্কিন নৌবাহিনীর সক্ষমতা আরও শক্তিশালী করতে নতুন প্রজন্মের ভারী অস্ত্রসজ্জিত যুদ্ধজাহাজ নির্মাণের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এ পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, এসব যুদ্ধজাহাজ তার নামেই পরিচিত হবে—‘ট্রাম্প ক্লাস’ যুদ্ধজাহাজ।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, প্রাথমিকভাবে এই শ্রেণির দুটি যুদ্ধজাহাজ তৈরি করা হবে। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী সংখ্যা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। তিনি দাবি করেন, নতুন এসব জাহাজ হবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় ও ভয়ংকর নৌযুদ্ধ সক্ষমতার প্রতীক, যা সমুদ্রযুদ্ধে ব্যবহৃত সবচেয়ে প্রাণঘাতী প্ল্যাটফর্মগুলোর একটি হয়ে উঠবে।
ফ্লোরিডার মার-এ-লাগোতে নিজের বাসভবনে দেওয়া এই ঘোষণার সময় ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং নৌবাহিনীর সেক্রেটারি জন ফেলান।
ট্রাম্প জানান, নতুন যুদ্ধজাহাজগুলোতে যুক্ত করা হবে সর্বাধুনিক সামরিক প্রযুক্তি। এর মধ্যে থাকবে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র, ভারী কামান, লেজার অস্ত্র এবং উন্নয়নাধীন হাইপারসনিক মিসাইল ব্যবস্থা।পাশাপাশি, এসব জাহাজ থেকে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ব্যবস্থাও থাকবে।
যুদ্ধজাহাজগুলো কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে তৈরি কি না—সাংবাদিকদের এমন প্রশ্নে ট্রাম্প সরাসরি কারও নাম উল্লেখ করেননি। তিনি বলেন, এই উদ্যোগ কোনো একক দেশের বিরুদ্ধে নয়; বরং যেকোনো সম্ভাব্য হুমকি প্রতিহত করার জন্যই এই প্রস্তুতি। একই সঙ্গে তিনি চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ‘ভালো’ বলেও উল্লেখ করেন।
ট্রাম্পের দেওয়া তথ্যমতে, প্রতিটি যুদ্ধজাহাজের ওজন হবে আনুমানিক ৩০ থেকে ৪০ হাজার টন। আকারে এগুলো যুক্তরাষ্ট্রের বর্তমান ডেস্ট্রয়ার ও ক্রুজারগুলোর চেয়ে বড় হলেও, আইওয়া শ্রেণির ঐতিহাসিক যুদ্ধজাহাজের তুলনায় কিছুটা ছোট হবে।

মতামত দিন