অপরাধ
ছবি: সংগৃহীত

মির্জাগঞ্জে দুর্বৃত্তদের হামলায় কলেজ শিক্ষার্থী নিহত।

নিজেস্ব প্রতিবেদক:

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের হামলায় এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন তার খালাতো ভাই। ঘটনাটি ঘটেছে সুবিদখালী সরকারি কলেজের পেছনের এলাকায়।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল চারটার দিকে এই হামলার ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম সিয়াম (১৮)। তিনি ঢাকার শহীদ রমিজ উদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। আহত শিক্ষার্থী আবদুল্লাহ আল মাহমুদকে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ জানায়, হামলার পর সিয়ামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের খালু ও মির্জাগঞ্জ ইয়ারিয়া আলিম মাদ্রাসার শিক্ষক মো. বাদল হাওলাদার জানান, সিয়াম কয়েক দিন আগে মরিচবুনিয়া এলাকায় নানাবাড়িতে বেড়াতে এসেছিলেন। কী কারণে তিনি মির্জাগঞ্জে গিয়েছিলেন, সে বিষয়ে পরিবার কিছুই জানে না। খবর পেয়ে হাসপাতালে এসে সিয়ামের মরদেহ এবং আহত মাহমুদকে দেখতে পান তারা।

আহত আবদুল্লাহ আল মাহমুদ বলেন, কলেজের পেছনে বসে কথা বলার সময় ৩–৪ জন যুবক তাদের কাছে  ১০ হাজার টাকা দাবি করে। টাকা না দিলে মাদক দিয়ে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। একপর্যায়ে মারধরের শিকার হন তারা। এরপর কী ঘটেছে, তা তার মনে নেই।

হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার মো. আবদুর রহমান শামীম জানান, কয়েকজন যুবক দুজনকে হাসপাতালে নিয়ে এসে দ্রুত চলে যায়। হাসপাতালে আনার আগেই সিয়ামের মৃত্যু হয় বলে চিকিৎসকরা নিশ্চিত করেন।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আ. সালাম জানান, মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কিশোর কুমার রায় ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছেন।

মতামত দিন