২০২৬ সালের এসএসসি পরীক্ষা কেন্দ্রর তালিকা প্রকাশ।
ঢাকা শিক্ষাবোর্ড মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে। শিক্ষাবোর্ড জানিয়েছে, কেন্দ্র সংক্রান্ত কোনো আপত্তি থাকলে তা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে লিখিত আকারে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে জানাতে হবে।
এই নির্দেশনা সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষককে চিঠির মাধ্যমে পাঠানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩১ ডিসেম্বরের পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না।
সূত্র জানাচ্ছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষা দুই থেকে তিন মাস পেছানো হতে পারে। এতে পরীক্ষা অনুষ্ঠিত হবে সম্ভবত আগামী বছরের এপ্রিল মাসের শেষ দিকে অথবা মে মাসের শুরুতে। চলতি মাসেই রুটিনসহ সবকিছু চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে, বলেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
একই সঙ্গে পরীক্ষার তারিখ পেছানোর মূল কারণ হিসেবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উল্লেখ করা হচ্ছে। স্বাভাবিক সময়ে ফেব্রুয়ারিতেই এসএসসি পরীক্ষা শুরু হলেও নির্বাচনের কারণে বিদ্যালয়গুলোতে কেন্দ্র স্থাপন করা সম্ভব হবে না। অতীতেও বিভিন্ন কারণে এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পেছানোর নজির রয়েছে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, বোর্ডের মিটিংয়ে পরীক্ষার রুটিন ও নির্দিষ্ট তারিখ চূড়ান্ত করা হবে। তিনি বলেন, “এবারের পরীক্ষা এপ্রিলের শেষ বা মে মাসের শুরুতে শুরু হতে পারে।”
মতামত দিন