কুমারখালীর সরকারি কলেজ পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার।
কুষ্টিয়ার কুমারখালী সরকারি কলেজের পুকুর থেকে শাহিন হোসেন (৬০) নামের এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমারখালী ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শাহিন কুমারখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মৃত আমজাদ হোসেনের ছেলে। দীর্ঘদিন ডায়াবেটিস, ব্রেইনসহ নানা অসুস্থতায় ভুগছিলেন এবং চোখে কম দেখতেন। রোববার বিকেলে তিনি নিয়মিত আসরের নামাজ পড়তে কুমারখালী বড় জামে মসজিদে গিয়েছিলেন। সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। রাত ৮টার দিকে স্থানীয়রা ও স্বজনরা কলেজের পুকুরে শাহিনের স্যান্ডেল ভাসতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন।
প্রথম দিনের অভিযান রাত ১০টা পর্যন্ত ফলপ্রসূ হয়নি। সোমবার সকাল থেকে দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান শুরু হলে বেলা সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিস সদস্যরা শাহিনকে পায়, এবং উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
শাহিনের স্ত্রী সাহিদা বেগম বলেন, “আমার স্বামী নিয়মিত মসজিদে নামাজ পড়তেন এবং তাবলিগ জামায়াতের সাথে যুক্ত ছিলেন। তার শারীরিক দুর্বলতার কারণে হয়তো পুকুরে পড়ে গেলে তিনি নিজেকে বাঁচতে পারেননি।”
কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন জানান, মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। স্বজন ও এলাকার কেউ অভিযোগ না করায় সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ ধারণা করছে, দুর্ঘটনাজনিতভাবে পুকুরে পড়ে মৃত্যুবরণ করেছেন শাহিন।
মতামত দিন