সাভারে সাংবাদিকদের ওপর হামলা, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।
নিজেস্ব প্রতিবেদক:
সাভার উপজেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী সোমবার সকালে উপজেলা মডেল থানার সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল আয়োজন করেন। তারা অভিযোগ করেন, সরকারি দপ্তরে দুর্নীতি ও ঘুষের তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়েছে এবং পরে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা জনগণের চোখ ও কণ্ঠস্বর। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলা ও মামলা চাপিয়ে স্বাধীন সাংবাদিকতা ধ্বংসের চেষ্টা করা হচ্ছে। তারা প্রশাসনের উদাসীনতাকে কড়া সমালোচনা করেন এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের প্রায় অর্ধশত সাংবাদিক এতে অংশ নেন। বক্তাদের মধ্যে ছিলেন সাভার প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি আজিম উদ্দিন, সাভার উপজেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাদ্দাম হোসেন, টেলিভিশন রিপোর্টার্স ক্লাবের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, ধামরাই প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন, গ্লোবাল টিভির তোফায়েল হোসান তোফাসানি, আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী মানু প্রমুখ।
মানববন্ধনের পর সাংবাদিকরা থানার সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল পরিচালনা করেন। তারা আগামী ৭২ ঘণ্টার মধ্যে মামলাগুলো প্রত্যাহারের আলটিমেটাম দেন, না হলে আরও কঠোর কর্মসূচি নেওয়ার হুঁশিয়ারি দেন।
উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর সাভারের আলমনগর এলাকায় উপজেলা সেটেলমেন্ট অফিসে দুর্নীতি ও ঘুষ সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে গিয়ে দেশ টিভির জেলা প্রতিনিধি দেওয়ান ইমন, বিজয় টিভির শরীফ শেখ, চ্যানেল এস-এর প্রতিবেদক জাহিদুল ইসলাম ও এনটিভির ক্যামেরাম্যান জায়েদ আনসারীসহ কয়েকজন সাংবাদিকের ওপর সহকারী সেটেলমেন্ট অফিসার এএসএম শাহীন, পেশকার শফিক ও সাইফুল ইসলাম হামলা চালান। পরে ওই কর্মকর্তার অভিযোগে সাংবাদিকদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার মামলা দায়ের করা হয়।

মতামত দিন