ভারতীয় দূতাবাসে কালো গোলাপ দিতে গিয়ে বাধা, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ জাগপা মুখপাত্র রাশেদ প্রধান।
ভারতের আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ জানাতে একা পদযাত্রা নিয়ে ভারতীয় দূতাবাসের দিকে যাচ্ছিলেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান। তবে বাড্ডা লিংক রোড এলাকায় তাকে আটকে দেয় পুলিশ।
রোববার (২১ ডিসেম্বর) পুলিশের বাধার মুখে পড়ে রাশেদ প্রধান বলেন, দেশের মানুষের পক্ষ থেকে তিনি ভারতীয় দূতাবাসে একটি কালো গোলাপ দিতে যাচ্ছিলেন, যা রাজনৈতিক ভাষায় কর্তৃত্ব ও আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক। অতীতে দলীয় কর্মসূচি নিয়ে গেলে পুলিশ বাধা দেওয়ায় এবার তিনি একাই পথে নেমেছিলেন। তবুও তাকে থামানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
রাশেদ প্রধান আরও বলেন, দিল্লিতে বাংলাদেশি দূতাবাসে হামলার সময় ভারতীয় পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। অথচ ঢাকায় একজন নিরস্ত্র মানুষ ঘৃণা প্রদর্শন করতে গেলে পুলিশের কড়াকড়ি দেখা যাচ্ছে। তিনি একে নতজানু পররাষ্ট্রনীতির ফল বলে মন্তব্য করেন এবং বলেন, ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলার সময় এসেছে।
ভারত সরকারের উদ্দেশে তিনি দাবি জানান—সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওসমান হাদির হত্যায় জড়িতদের ফেরত দিতে হবে। একই সঙ্গে সীমান্ত হত্যা, অবৈধ পুশ-ইন, ভূমি দখল বন্ধ এবং অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। অন্যথায় পরিস্থিতি আরও কঠোর হবে বলে হুঁশিয়ারি দেন।
এর আগে সকাল ১০টার দিকে পল্টন বক্স কালভার্ট এলাকা থেকে গুলশানের ভারতীয় দূতাবাসের উদ্দেশে একক পদযাত্রা শুরু করেন রাশেদ প্রধান। পথে বিভিন্ন স্থানে সাধারণ মানুষ তার প্রতি সংহতি জানিয়ে এগিয়ে আসেন। তবে ছয় কিলোমিটারের বেশি পথ অতিক্রম করার পর বাড্ডা লিংক রোডে পুলিশ তাকে থামিয়ে দেয়।
মতামত দিন