কাপ্তাই হ্রদে ভ্রমণের সময় কায়াকিং দুর্ঘটনায় প্রাণ গেল এক পর্যটকের।
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে ভ্রমণের সময় নৌকাভিত্তিক খেলাধুলা করতে গিয়ে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকালে বালুখালী এলাকার স্বর্ণদ্বীপ আইল্যান্ড নামের একটি রিসোর্টের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম ইফরাত উদ্দিন (২৬)। তিনি পুরান ঢাকার নাজিরাবাজার এলাকার বাসিন্দা।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ইফরাত উদ্দিন বন্ধুদের সঙ্গে আগের দিন ওই রিসোর্টে বেড়াতে যান। শনিবার সকালে ঢাকায় ফেরার কথা থাকলেও যাওয়ার আগে ছয় বন্ধু মিলে কায়াকিং করতে কাপ্তাই হ্রদে নামেন। এ সময় অন্যরা নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করলেও ইফরাত লাইফ জ্যাকেট পরেননি।
ঘাট থেকে কিছুটা দূরে যাওয়ার পর কায়াকিং বোটটি হঠাৎ ভারসাম্য হারিয়ে উল্টে যায়। এতে ইফরাত পানিতে পড়ে তলিয়ে যান।
রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. আবুল কালাম জানান, ৯৯৯ নম্বরে খবর পেয়ে দ্রুত ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় তার মরদেহ উদ্ধার করা হয়।
পরে মরদেহটি আইনগত প্রক্রিয়ার জন্য রাঙ্গামাটি কোতোয়ালি থানার কাছে হস্তান্তর করা হয়েছে।
মতামত দিন