জাতীয়
ছবি: সংগৃহীত

শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোক জানাল ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস।

নিজেস্ব প্রতিবেদক:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শুক্রবার (১৯ ডিসেম্বর) প্রকাশিত এক আনুষ্ঠানিক বার্তায় এ শোকবার্তা জানানো হয়।

বার্তায় বলা হয়, তরুণ নেতা শরিফ ওসমান হাদির অকাল মৃত্যুতে যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশের জনগণের পাশে দাঁড়াচ্ছে। একই সঙ্গে হাদির পরিবার, স্বজন, সহকর্মী ও সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করা হয়।

উল্লেখ্য, গুলিবিদ্ধ হয়ে টানা সাত দিন জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই শেষে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শরিফ ওসমান হাদি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাংলাদেশ সময় রাত পৌনে ১০টার দিকে তার মৃত্যু হয়।

জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে গণআন্দোলনের ইতিহাস সংরক্ষণ ও সংগঠিত করার লক্ষ্যে তিনি ইনকিলাব মঞ্চ গড়ে তোলেন। তার মৃত্যুর খবর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নিশ্চিত করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

হাদির মৃত্যুর পরপরই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গভীর শোক প্রকাশ করেন। পাশাপাশি বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শোকবার্তা জানায়।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রীয়ভাবে দোয়া মাহফিল আয়োজন ও পরদিন শোক কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে এ হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।

মতামত দিন