জাতীয়
ছবি: সংগৃহীত

কুমিল্লায় পরিবহন দ্বন্দ্ব:তিনটি টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ, যাত্রীরা চরম দুর্ভোগে।

নিজেস্ব প্রতিবেদক:


কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া, শাসনগাছা ও চকবাজার বাস টার্মিনাল থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। বোগদাদ ও আইদি সার্ভিসের মধ্যে চলমান বিরোধের কারণে জেলা ও আন্তঃনগর রুটে অন্তত ৪০টি রুটে যাত্রী পরিবহন থমকে গেছে, ফলে সাধারণ মানুষ দৈনন্দিন যাত্রায় চরম সমস্যার মুখে পড়েছেন।

জানা যায়, জাঙ্গালিয়া টার্মিনাল থেকে কুমিল্লা-চাঁদপুর রুটে আইদি পরিবহনের বাস বন্ধ রাখার দাবিতে বাস মালিক সমিতি ধর্মঘট ঘোষণা করেছে। স্থানীয় বাস মালিকদের মতে, প্রতিদিন তিনটি টার্মিনাল থেকে কয়েক হাজার বাস ও মিনিবাস বিভিন্ন অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে যাত্রী পরিবহন করে।

ধর্মঘটের কারণে যাত্রীরা বিভিন্ন বিকল্প ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইফুল ইসলাম জানান, “সকালে বাসস্ট্যান্ডে এসে দেখি বাস চলাচল নেই। পরে পদুয়ার বাজার থেকে অতিরিক্ত ভাড়া দিয়ে চট্টগ্রাম যাওয়ার টিকেট নিতে হয়েছে।”

আইদি পরিবহনের চেয়ারম্যান মীর পারভেজ আলম অভিযোগ করেছেন, চাঁদপুর জেলা প্রশাসনের অনুমতি থাকা সত্ত্বেও কুমিল্লার বাস মালিকরা তাদের চলাচলে বাধা দিচ্ছে। এর ফলে তারা টার্মিনাল ব্যবহার না করে পদুয়ার বাজার থেকে বাস সার্ভিস পরিচালনা করছেন, যদিও কুমিল্লা জেলা প্রশাসনের রুট পারমিট এখনও পাননি।

অন্যদিকে, কুমিল্লা বাস মালিক সমিতির সভাপতি মো. তাজুল ইসলাম বলেন, “আইদি পরিবহন চাঁদপুর থেকে অনুমতি পেয়েছে, কিন্তু কুমিল্লা থেকে পারমিট না থাকায় তারা টার্মিনাল ব্যবহার করতে পারছে না। আমাদের বাধ্য হয়ে তিনটি টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ রাখতে হয়েছে।”

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম জানান, দুই পক্ষের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সমস্যার সমাধানের জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মতামত দিন