আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

মাল্টার উপকূলে নৌকা দুর্ঘটনায় ৫৯ জন বাংলাদেশি সহ ৬১ জন উদ্ধার।

নিজেস্ব প্রতিবেদক:

ভূমধ্যসাগরের মাল্টার উপকূলে এক অভিবাসীবাহী নৌকা উল্টে একজন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। এছাড়া ৫৯ বাংলাদেশিসহ মোট ৬১ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

মাল্টার সশস্ত্র বাহিনীর সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৮টার দিকে নৌকাটি বিপদে পড়ার খবর আসে। দ্রুত আকাশ ও সমুদ্র ইউনিট মোতায়েন করা হয় এবং উদ্ধারকার্যের মাধ্যমে সবাইকে তৎক্ষণাৎ চিকিৎসা দেওয়া হয়। উদ্ধারকালে অনেকের শরীরে হাইপোথারমিয়ার লক্ষণ দেখা যায়।

উদ্ধারকৃতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় হেলিকপ্টারের মাধ্যমে হাসপাতালে নেওয়া হয়। একজনের মৃত্যুর খবর নিশ্চিত হয়। আরও ছয়জনকে হাইপোথারমিয়ায় আক্রান্ত হিসেবে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তাদের অবস্থা আশঙ্কাজনক নয়।

উদ্ধারের পর সকলকে মাল্টার উপকূলীয় বন্দর এলাকার বুজিবা ঘাটে আনা হয়। সেখানে তাঁবুর নিচে অভিবাসীদের সাদা কম্বল জড়ানো অবস্থায় রাখা হয় এবং জরুরি সেবাকর্মীরা প্রাথমিক সহায়তা প্রদান করেন।

মাল্টার সংবাদমাধ্যম জানিয়েছে, অভিবাসীরা লিবিয়ার উপকূল থেকে যাত্রা শুরু করেছিলেন। তারা ইতালি বা লাম্পেদুসা দ্বীপে পৌঁছানোর আশা করেছিলেন। বাংলাদেশকে মাল্টা নিরাপদ উৎস দেশ হিসেবে বিবেচনা করে, যার কারণে বাংলাদেশিরা সেখানে আশ্রয় চাওয়ার ক্ষেত্রে সাধারণত সুরক্ষা দাবি পূরণ করতে ব্যর্থ হন।

সূত্র: টাইমস অব মালটা   

মতামত দিন