শিশু সাজিদের মৃত্যু : সংশ্লিষ্টদের বিরুদ্ধে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ
বরেন্দ্র এলাকায় পরিত্যক্ত ও অরক্ষিত নলকূপে পড়ে দুই বছর বয়সী শিশু সাজিদের মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষসহ দায়িত্বপ্রাপ্ত দপ্তরগুলোর কাছে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম মিয়া।
রোববার (১৪ ডিসেম্বর) পাঠানো ওই নোটিশে বলা হয়েছে, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার বিভিন্ন স্থানে শতাধিক নলকূপ দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় খোলা পড়ে আছে, যা শিশু ও সাধারণ মানুষের জন্য স্থায়ী প্রাণঝুঁকি তৈরি করছে।
নোটিশে উল্লেখ করা হয়, রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট পূর্ব পাড়া গ্রামে এমনই একটি অরক্ষিত নলকূপে পড়ে শিশুসাজিদের মৃত্যুর ঘটনা ঘটে। এই দুর্ঘটনাকে কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা ও দীর্ঘদিনের প্রশাসনিক গাফিলতির ফল হিসেবে উল্লেখ করা হয়েছে।
আইনি নোটিশে সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদের আলোকে নাগরিকের জীবন ও নিরাপত্তার অধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ১৫ দিনের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে নিহত শিশুর পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবিও তোলা হয়েছে।
নোটিশে যেসব পদক্ষেপ চাওয়া হয়েছে তার মধ্যে রয়েছে—সব পরিত্যক্ত নলকূপ চিহ্নিত করে জরিপ সম্পন্ন করা, রাষ্ট্রীয় ব্যয়ে সেগুলো স্থায়ীভাবে বন্ধ বা ভরাট করা, অনুমোদন ছাড়া নলকূপ খননে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া, নিরাপদ নলকূপ ব্যবস্থাপনায় মানসম্মত কার্যপ্রণালি (এসওপি) প্রণয়ন, অবৈধ নলকূপ স্থাপন ঠেকাতে কঠোর নজরদারি এবং দায়িত্বে অবহেলাকারী কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ।
নোটিশে আরও জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে এসব দাবি বাস্তবায়ন না হলে বিষয়টি জনস্বার্থ মামলা হিসেবে হাইকোর্টে তোলা হবে।
মতামত দিন