জাতীয়
ছবি: সংগৃহীত

আজ সন্ধ্যায় ঘোষিত হবে জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল।

নিজেস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের গণভোট—দুই প্রক্রিয়ারই তফসিল আজ ঘোষিত হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সন্ধ্যা ছয়টায় জাতির উদ্দেশে ভাষণ দিয়ে ভোটের সময়সূচি জানাবেন।

তফসিল ঘোষণাকে ঘিরে নির্বাচন ভবনে বুধবার ছিল ব্যাপক তৎপরতা। বিকেলে আয়োজিত ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ৩০০ আসনেই কোনো সীমানা জটিলতা না থাকায় সব আসনের তফসিল একসঙ্গেই ঘোষণা করা হবে। প্রস্তুতি সম্পর্কে চূড়ান্ত ধারণা দেবেন সিইসি নিজেই।

এর আগে দুপুরে নির্বাচন কমিশনের পুরো দল বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে। রেওয়াজ অনুযায়ী, নির্বাচনের আগে মাঠপর্যায়ের অগ্রগতি, নিরাপত্তা পরিস্থিতি, রাজনৈতিক পরিবেশ ও সার্বিক প্রস্তুতির হিসাব রাষ্ট্রপতিকে জানানো হয়। বৈঠকে রাষ্ট্রপতি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দেন এবং জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হওয়ায় ভোটের সময় এক ঘণ্টা বাড়ানো যৌক্তিক বলে মত দেন।

প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে কমিশন নির্বাচন ভবনে ফিরে আসে এবং সাংবাদিকদের ব্রিফ করেন সিনিয়র সচিব।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট শপথ নেয় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। প্রায় ১৬ মাস পর নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পূর্ণাঙ্গ রোডম্যাপ ঘোষণা করতে যাচ্ছে।

ইসির তথ্য অনুযায়ী, ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখের বেশি। তাদের জন্য সারাদেশে ৪২ হাজারেরও বেশি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। একই দিনে নির্বাচন ও গণভোট হওয়ায় সময় ঘাটতি এড়াতে প্রতিটি কক্ষে রাখা হয়েছে দুটি গোপন বুথ।

মতামত দিন