মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন, অনুদান ছাড়াল ৩ কোটি টাকা।
৬ ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর থেকেই অর্থ সংগ্রহের কার্যক্রম ত্বরান্বিত হয়েছে। তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবিরের নেতৃত্বে নগদ, খুচরা এবং বিদেশি মুদ্রাসহ ১১টি বাক্সে অনুদান জমা পড়েছে।
হুমায়ুন কবির জানান, অনলাইন ও সরাসরি নগদ অর্থের মাধ্যমে অনুদান সংগ্রহ অব্যাহত রয়েছে। প্রতিদিন তার বাড়িতে তোলা অর্থের গণনা করা হচ্ছে, যা মসজিদের নির্মাণ কাজে ব্যবহার হবে।
ভিত্তিপ্রস্তর স্থাপনের দিনে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে যায়। পশ্চিমবঙ্গ ও ভারতের অন্যান্য এলাকা থেকে মানুষ উপস্থিত হন, এবং স্থানীয়রা মাথায় ইট নিয়ে অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে হুমায়ুন কবির মমতা ব্যানার্জিকে সতর্ক করে বলেন, “মসজিদ নির্মাণে বাধা থাকলেও মাথা নোয়াব না, প্রয়োজনে শহিদ হয়ে যাব।”
তিনি আরও বলেন, “যেখানে দেশে মন্দির ও গির্জা নির্মাণে স্বাধীনতা আছে, সেখানে আমাদের মসজিদের অধিকারও অটুট। সুপ্রিম কোর্ট স্বীকার করেছে, হিন্দুরা মসজিদটি ভেঙেছিল, কিন্তু হিন্দুদের অনুভূতি সম্মান করে সেখানে মন্দির নির্মাণের অনুমতি দেওয়া হয়েছিল। আমরা সংবিধানের অধিকার অনুযায়ী আমাদের মসজিদ তৈরি করব।”
উল্লেখ্য, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যার বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়েছিল। এবার ঐতিহাসিক একই দিনে মুর্শিদাবাদের বেলডাঙায় ভিত্তিপ্রস্তর স্থাপন হওয়ায় নতুন বিতর্ক শুরু হয়েছে।
মতামত দিন