অপরাধ
ছবি: সংগৃহীত

বগুড়ায় শহীদ রিকশাচালকের পরিবারের ওপর হামলার অভিযোগ।

নিজেস্ব প্রতিবেদক:

বগুড়ার সদর উপজেলার চক আকাশতারা খাঁপাড়া এলাকায় রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় শহীদ রিকশাচালক কমর উদ্দিন বাঙ্গির পরিবারকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় তার নাতি শিমুলসহ তিনজন আহত হয়েছেন।

গুরুতর অবস্থায় শিমুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, ঘটনার সময় শিমুল বাড়ির সামনে ব্যাডমিন্টন খেলছিলেন। আচমকা কয়েকজন যুবক তাকে রামদা দিয়ে আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় শিমুলকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। হামলাকারীরা এরপর তাকে সাহায্য করতে আসা দুই স্থানীয়কেও মারধর করেন।

হামলার সময় শহীদ কমর উদ্দিনের আধাপাকা বাড়িতেও ঢুকে তারা ঘরবাড়ি, মোটরসাইকেল ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র ভাঙচুর করে লুটপাট চালায়। কমর উদ্দিনের মা জমেলা বেগম অভিযোগ করেন, পূর্বশত্রুতির জের ধরে ইমরান হোসেন (২১), ইমন (২০), সোহান (২৭), রাকিবুল (২১), আরও কয়েকজন অজ্ঞাতনামা যুবক এই হামলা চালিয়েছে।

জমেলা বেগম বলেন, “আমার ছেলে দেশের জন্য জীবন দিয়েছে, আর এখন আমাদের ঘরেই হামলা হচ্ছে। আমরা কি শান্তিতে থাকতে পারব না?” পরিবারটি শহীদ কমর উদ্দিনের মৃত্যুর পর থেকেই মানসিক ও আর্থিকভাবে চরম বিপর্যস্ত। এই হামলা তাদের আতঙ্ক আরও দ্বিগুণ করেছে।

শহীদ পরিবারের এক স্বজন জানিয়েছেন, “হঠাৎ কয়েকজন এসে আমাদের ঘরভাঙচুর শুরু করেছে, এমন কিছু আগে দেখিনি। আমরা চাই এই ঘটনার সুষ্ঠু বিচার হোক।”

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাহফুজ আলম জানিয়েছেন, বিষয়টি প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। দোষীদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন