অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ও তাসমানিয়ায় দাবানলের তাণ্ডব, দমকলকর্মী নিহত।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস এবং তাসমানিয়ায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এতে বহু পরিবার ঘরবাড়ি হারিয়েছে এবং এক দমকলকর্মী প্রাণ হারিয়েছেন।
সিডনির উত্তরের তৃণভূমি এলাকায় আগুন নেভানোর সময় একটি গাছের আঘাতে গুরুতর আহত হন ৫৯ বছর বয়সী দমকলকর্মী। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রধানমন্ত্রী অ্যান্তনি আলবানিজ তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
নিউ সাউথ ওয়েলসের সেন্ট্রাল কোস্ট এলাকায় গত সপ্তাহে দ্রুত ছড়িয়ে পড়া আগুনে অন্তত ১৬টি বাড়ি ধ্বংস হয়েছে। এই অঞ্চলে সাড়ে তিন লাখ মানুষ বসবাস করে। কুলইং শহরের বাসিন্দা রোশেল ডাউস্ট জানান, আগুনে তাদের সব সম্পদ পুড়ে গেছে এবং বাড়ি বাঁচাতে গিয়ে স্বামীরও জীবন ঝুঁকিতে পড়েছিল।
রোববারের সন্ধ্যার দিকে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও আবহাওয়া দপ্তর সতর্ক করেছে যে, মঙ্গলবার তাপমাত্রা কয়েকটি এলাকায় ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। সোমবার পর্যন্ত তৃণভূমি এলাকায় ৫০টির বেশি দাবানল এখনও সক্রিয় ছিল।
তাসমানিয়াতেও আগুনের তাণ্ডব চলছে। হোবার্টের উত্তর-পূর্বে ডলফিন স্যান্ডস এলাকায় ১৭২৯ একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, ১৯টি বাড়ি ধ্বংস ও আরও ৪০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন আংশিক নিয়ন্ত্রণে এলেও বাসিন্দাদের নিরাপদ না হওয়া পর্যন্ত এলাকায় না ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অস্ট্রেলিয়ায় গ্রীষ্মকাল ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চলে। এ সময় তাপমাত্রা বেশি থাকায় দাবানলের ঝুঁকি বাড়ে। এ বছরও তীব্র গরমের কারণে কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।

মতামত দিন