আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের স্বাধীনতার ৫৪তম বার্ষিকী উপলক্ষে মুক্তি পেল সাড়ে ৬ হাজার বন্দি।

নিজেস্ব প্রতিবেদক:

সংযুক্ত আরব আমিরাতে স্বাধীনতার ৫৪তম বার্ষিকী উদযাপন হয়েছে উৎসবমুখর পরিবেশে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও ভবনগুলো আলোকসজ্জা এবং জাতীয় পতাকায় সেজেছে।

সরকারি ঘোষণা অনুযায়ী চারদিনের ছুটি পালিত হচ্ছে। এ উপলক্ষে দেশজুড়ে বন্দিদের মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য অংশই বাংলাদেশি প্রবাসী।

মঙ্গলবার ‘ঈদ-উল-ইত্তেহাদ’ দিবস হিসেবে উদযাপিত হয়েছে। রাজধানী ও অন্যান্য শহরের রাস্তা ঘুরে দেখা গেছে মোটর র‍্যালি, এয়ার শো, ওয়াটার শো এবং আলোকিত ভাস্কর্যগুলো বিশেষ আকর্ষণ সৃষ্টি করেছে। শপিং মল, অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উৎসবের আমেজ চোখে পড়েছে।

এদিন আবুধাবি, দুবাই, শারজাহ, আজমান, ফুজাইরাহ, উম্মুল কুয়াইন এবং রাস আল-খাইমা থেকে মোট ৬ হাজারের বেশি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। এর পাশাপাশি কয়েকটি প্রদেশে ট্রাফিক জরিমানা মওকুফ করা হয়েছে এবং ফ্রি গাড়ি পার্কিং ও মোবাইল ডেটা সুবিধা দেওয়া হয়েছে।

সংযুক্ত আরব আমিরাত পারস্য উপসাগরের দক্ষিণ-পূর্ব ও ওমান উপসাগরের উত্তরের দিকে অবস্থিত। দেশটি সাতটি আমিরাতের সমন্বয়ে গঠিত। ১৯৭১ সালের ২ ডিসেম্বর দেশটির প্রতিষ্ঠা হয়। আবুধাবি ও দুবাই অর্থনৈতিক ও পর্যটন কেন্দ্র হিসেবে আন্তর্জাতিকভাবে পরিচিত। দেশে বিশ্বের সর্বোচ্চ অট্টালিকা এবং বিশাল সমুদ্রবন্দর রয়েছে।

১৯৬০-এর দশকে আবুধাবিতে তেলের আবিষ্কারের পর দেশটি দ্রুত অর্থনৈতিক উন্নতি করেছে। সংযুক্ত আরব আমিরাতের প্রথম রাষ্ট্রপতি শেখ জায়েদ বিন সুলতান আল নাহ্ইয়ান দেশটির জাতির পিতার মর্যাদা পেয়েছেন। ২০০৪ সালে তার মৃত্যুর পর তার পুত্র শেখ মোহাম্মাদ বিন জায়েদ আল নাহ্ইয়ান বর্তমান আবুধাবির শাসক। দুবাইয়ের শাসক এবং প্রধানমন্ত্রী ক্রাউন প্রিন্স শেখ মুহাম্মদ বিন রশিদ আল মাকতুম দায়িত্ব পালন করছেন।

মতামত দিন