শ্রীলঙ্কায় ভূমিধস–বন্যায় ৪১০ জনের প্রাণহানি,নিখোঁজ ৩৩৬ জন।
ভারত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘দিতওয়ার’ শ্রীলঙ্কায় আঘাত হেনে দেশজুড়ে ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি করেছে। প্রবল বর্ষণ, পাহাড়ি ঢল ও ভূমিধসে পুরো দ্বীপজুড়ে বিপর্যস্ত পরিস্থিতি তৈরি হয়েছে।
সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের পাহাড়ি মধ্যাঞ্চল। ক্যান্ডির আলওয়াতুগোদা এলাকায় পাহাড় ধসে বহু ঘরবাড়ি মাটিচাপা পড়ে গেছে। শুধু ওই গ্রাম থেকেই ৮৮ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে, আর ২০০–র বেশি বাসিন্দার কোনো সন্ধান মেলেনি। ঝুঁকি এড়াতে অঞ্চলটিতে ২০ হাজারেরও বেশি মানুষকে প্রায় দুই শতাধিক আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।
দুর্যোগে প্রায় ১২ লাখ মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত হয়েছে। উদ্ধার প্রচেষ্টায় সেনাবাহিনী, পুলিশ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মীরা দিনরাত কাজ করছে। ধসে যাওয়া ঘরবাড়ি ও রাস্তাঘাট থেকে ধ্বংসস্তূপ সরাতে ব্যবহার করা হচ্ছে বুলডোজারসহ ভারী যন্ত্রপাতি। পাশাপাশি বিদ্যুৎ লাইন, যোগাযোগব্যবস্থা ও অন্যান্য অবকাঠামো পুনরায় সচল করার কাজ চলছে দ্রুতগতিতে।
স্থানীয় বাসিন্দারা জানান, ঘণ্টার পর ঘণ্টা মুষলধারে বৃষ্টি আর প্রবল ঝোড়ো হাওয়ায় বহু ঘর মুহূর্তের মধ্যে ধসে পড়ে। অনেক পাহাড়ি রাস্তা মাটিচাপা পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

মতামত দিন