৭ টি দেশে প্রবাসী ভোটার নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করল ইসি।
ভোটাররা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা না দেওয়ার কারণে মধ্যপ্রাচ্য ও অন্যান্য ছয়টি দেশে প্রবাসী ভোটারদের নিবন্ধন কার্যক্রম আপাতত বন্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেমের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সালিম আহমাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
ইসি জানিয়েছে, ঠিকানা অসম্পূর্ণ বা ভুল থাকায় এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে। এতে প্রভাবিত দেশগুলো হলো—বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। কমিশন জানিয়েছে, সঠিক ঠিকানা ছাড়া প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালট প্রেরণ সম্ভব হবে না।
ইসি স্থগিত থাকা দেশগুলোর প্রবাসী ভোটারদের দ্রুত সঠিক তথ্য সরবরাহ করার আহ্বান জানিয়েছে। ঠিকানা সংক্রান্ত ত্রুটি সমাধান হলে এই দেশগুলোতে পুনরায় নিবন্ধন কার্যক্রম চালু হবে।
এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বিদেশে থাকা বাংলাদেশিরা প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে মোট ৫১,৫৩৩ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন, যাদের মধ্যে ৪৩,৬৪৬ জন পুরুষ এবং ৭,৮৮৭ জন নারী।
দেশভিত্তিক নিবন্ধনে যুক্তরাষ্ট্রে ১০,৩৩৫ জন, দক্ষিণ কোরিয়ায় ৮,৮৮৯ জন, জাপানে ৬,১৫৮ জন, কানাডায় ৫,৮৬৫ জন, অস্ট্রেলিয়ায় ৪,৭৫৫ জন, দক্ষিণ আফ্রিকায় ৪,১৮৩ জন এবং চীনে ১,৬৫১ জন ভোটার অন্তর্ভুক্ত।
নির্বাচন কমিশন জানিয়েছে, বাংলাদেশ সময় ২৭ নভেম্বর রাত ১২টা ১ মিনিট থেকে ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে বিশ্বের সব দেশের প্রবাসী ভোটার নিবন্ধন চালু থাকবে।
মতামত দিন