ব্রাজিলে এক ডোজের প্রথম ডেঙ্গু ভ্যাকসিন অনুমোদিত।
ব্রাজিলে প্রথমবারের মতো এমন এক ডেঙ্গু ভ্যাকসিন অনুমোদিত হয়েছে যা এক ডোজেই কার্যকর।বিশ্বব্যাপী ডেঙ্গুর সংক্রমণ রেকর্ড ভেঙেছে এমন সময়ে দেশটির কর্তৃপক্ষ এটিকে ‘ঐতিহাসিক’ হিসেবে বর্ণনা করেছে।
সাও পাওলোর বুটান্তান ইনস্টিটিউট তৈরি “বুটানটান ডিভি” ভ্যাকসিনটি ১২ থেকে ৫৯ বছর বয়সীদের জন্য ব্যবহার করা যাবে। আগের একমাত্র ডেঙ্গু টিকা টিএকে-০০৩ দুই ডোজে তিন মাস ব্যবধানে দেওয়া হতো। নতুন ভ্যাকসিনটি এক ডোজেই কাজ করার কারণে টিকাদান কর্মসূচি সহজ ও দ্রুত হবে।
ইনস্টিটিউটের পরিচালক এসপার কালাস বলেন,“এই ভ্যাকসিন আমাদের দেশের বিজ্ঞান ও জনস্বাস্থ্যের জন্য এক গুরুত্বপূর্ণ অর্জন। এটি দশকের পর দশক ধরে সমস্যার কারণ হয়ে থাকা ডেঙ্গুর বিরুদ্ধে আমাদের শক্তিশালী অস্ত্র।”
ব্রাজিলজুড়ে আট বছর ধরে ক্লিনিক্যাল ট্রায়ালে এই ভ্যাকসিন গুরুতর ডেঙ্গুর বিরুদ্ধে ৯১.৬ শতাংশ কার্যকারিতা প্রদর্শন করেছে। এতে ১৬ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেছেন।
ডেঙ্গু সাধারণত তীব্র পেশী ও হাড়ের ব্যথার সঙ্গে আসে, এজন্য রোগটিকে ‘ব্রেকবোন ফিভার’ বলা হয়। গুরুতর সংক্রমণে রক্তক্ষরণ ও মৃত্যুর ঝুঁকি থাকে। জলবায়ু পরিবর্তনের কারণে সংক্রমিত এডিস মশা নতুন অঞ্চলে ছড়িয়ে পড়ছে, এমনকি ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কিছু এলাকায় যেখানে আগে ডেঙ্গু দেখা যেত না।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বে ১ কোটি ৪৬ লাখের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এবং প্রায় ১২ হাজার জন মারা গেছেন। এই মৃত্যুর অর্ধেকই ব্রাজিলে ঘটেছে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, বৈশ্বিক উষ্ণায়নের কারণে ২০২৪ সালে মোট সংক্রমণের ১৯ শতাংশ ঘটেছে।

মতামত দিন