জাতীয়
ছবি: সংগৃহীত

চালুর প্রথম দিনেই ধাক্কা খেল মেট্রোরেলের অনলাইন রিচার্জ সেবা।

নিজেস্ব প্রতিবেদক:

মেট্রোরেলের স্থায়ী কার্ডে অনলাইনে রিচার্জ সুবিধা চালুর কয়েক ঘণ্টার মধ্যেই সাইটে বড় ধরনের ত্রুটি দেখা দিয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) থেকে বিকাশ, নগদ, রকেট, ক্রেডিট কার্ডসহ সব ধরনের ডিজিটাল পেমেন্টে রিচার্জের সুযোগ চালু করা হলেও সন্ধ্যার দিকে ব্যবহারকারীরা সেবাটি প্রায় বন্ধ অবস্থায় পান।

রিচার্জ বা নিবন্ধনের জন্য নির্দিষ্ট ওয়েবসাইটে ঢুকতেই দেখা যায়— “অপ্রত্যাশিত ত্রুটি ঘটেছে, পরে আবার চেষ্টা করুন।” বারবার চেষ্টা করেও অনেকেই লেনদেন সম্পন্ন করতে পারেননি। ফলে প্রথম দিনই যাত্রীরা বিরক্তি প্রকাশ করছেন।

যোগাযোগ করা হলেও রিচার্জ প্ল্যাটফর্ম পরিচালনাকারী ডিএমটিসিএলের কর্মকর্তাদের কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

ডিটিসিএর নির্বাহী পরিচালক নীলিমা আখতার জানিয়েছেন, হঠাৎ করে বিপুল পরিমাণ ব্যবহারকারী প্রবেশ করায় সাইটের ওপর চাপ তৈরি হয়েছে। তাঁর ভাষায়, “ক্যাপাসিটি বাড়ানো হচ্ছে, দ্রুতই সেবা স্বাভাবিক হবে বলে আশা করছি।”

দিনের শুরুতে আগারগাঁও মেট্রো স্টেশনে র‍্যাপিড পাস ও এমআরটি পাস কার্ডে অনলাইন রিচার্জের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন। উপস্থিত ছিলেন সড়ক পরিবহন বিভাগের অতিরিক্ত সচিব নিখিল কুমার দাস এবং সভাপতিত্ব করেন নীলিমা আখতার।

মতামত দিন