সৌরজগতের বাইরে প্রথমবারের মতো তৈরি হলো বহির্গ্রহের ত্রিমাত্রিক মানচিত্র।
বৃহস্পতি গ্রহের তুলনায় প্রায় ১০ গুণ বড় একটি দূরবর্তী গ্যাসীয় গ্রহের ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা। ‘ওয়াস্প-১৮ বি’ নামের এই দৈত্যাকার গ্রহটি সৌরজগতের বাইরে অবস্থিত।
এর আগে সৌরজগতের বাইরের কোনো নক্ষত্রকে প্রদক্ষিণ করা গ্রহের ত্রিমাত্রিক মানচিত্র তৈরি হয়নি। বিজ্ঞানীরা আশা করছেন, এই কৌশল ব্যবহার করে এখন মহাবিশ্বে ইতিমধ্যে শনাক্ত ছয় হাজারের বেশি বহির্গ্রহকে আরও নিখুঁতভাবে পর্যবেক্ষণ করা যাবে।
বহির্গ্রহ নিয়ে বিজ্ঞানীদের আগ্রহ দীর্ঘদিনের। সৌরজগতের বাইরের এসব গ্রহের মধ্যে কিছু আছে যেগুলো কোনো নক্ষত্রকে প্রদক্ষিণ করে না—তারা স্বাধীনভাবে মহাশূন্যে ভেসে বেড়ায়। নাসার এক্সোপ্ল্যানেট সায়েন্স ইনস্টিটিউটের তথ্যানুসারে, ৩০ অক্টোবর পর্যন্ত ৬ হাজার ২৮টি বহির্গ্রহ শনাক্ত হয়েছে, আর প্রায় আট হাজার প্রার্থী গ্রহ বর্তমানে যাচাইয়ের অপেক্ষায় আছে।
বিজ্ঞানীরা জানিয়েছেন, তারা এই মানচিত্র তৈরি করেছেন “থ্রিডি ইক্লিপস ম্যাপিং” নামের একটি উন্নত পদ্ধতি ব্যবহার করে, যেটি স্পেকট্রোস্কোপিক ইক্লিপস ম্যাপিং নামেও পরিচিত। এর আগে ২০২৩ সালে জেমস ওয়েব টেলিস্কোপের তথ্যের ভিত্তিতে বিজ্ঞানীরা দ্বিমাত্রিক মডেল তৈরি করেছিলেন। নতুন ত্রিমাত্রিক মানচিত্রটি দূরবর্তী গ্রহসমূহকে আরও স্পষ্টভাবে বোঝার ক্ষেত্রে সহায়ক হবে।
২০০৯ সালে আবিষ্কৃত ওয়াস্প-১৮ বি গ্রহের পৃষ্ঠের তাপমাত্রা প্রায় ৫ হাজার ডিগ্রি ফারেনহাইট বলে ধারণা করা হয়। এর বায়ুমণ্ডলে জলীয়বাষ্পের উপস্থিতিও শনাক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী রায়ান চ্যালেঞ্জার বলেন, “জেমস ওয়েব টেলিস্কোপ ও এই নতুন কৌশলের মাধ্যমে আমরা সৌরজগতের বাইরের গ্রহগুলোকে এমনভাবে বোঝার সুযোগ পাচ্ছি, যেন তারা আমাদের প্রতিবেশী।”
সূত্র: স্পেস ডট কম
মতামত দিন